সিলেট নিউজ বিডি ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান বলেছেন, সরকারের নেতৃত্বের জন্য প্রয়োজন শেখ হাসিনা। এটা তাকে তোষামুদির বিষয় না, বাস্তব কথা বললাম। আমি বয়জেষ্ঠ্য মানুষ তাকে খুশি করা আমার কোনও দরকার নাই। আমি তার চেয়ে বয়সেও বড়। আমার জীবনের অভিজ্ঞতা তার থেকে ভিন্ন। কিন্তু তাকে আমি কাছ থেকে দেখেছি। উনি পরিশ্রম করেন এবং তার জীবনের একমাত্র স্বপ্ন, একমাত্র চিন্তা চেতনায় কিভাবে বাংলাদেশকে একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে আসা যাবে সেজন্য।
তিনি আরও বলেন, ‘ঢেউ দিয়ে পানি দিয়ে আমাদের আটকাতে পারবে না। জঙ্গিবাদ করে দুষ্টুমি করে আমাদের আটকাতে পারবে না। ক্ষতি হবে তার। আর সেজন্য আপনাদের সহায়তা চাই।’
বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সকালে ‘সমন্বিত প্রচেষ্টা সবার জন্য পুষ্টি’ এই স্লোগানকে সামনে রেখে ‘অংশগ্রহণমূলক বহুখাতভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশের সহযোগিতায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এফআইভিডিভি সম্মেলন কক্ষে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাস্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. হাবিবুর রহমান খান, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো.শাহ্ নেওয়াজ, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. খলিলুর রহমান, বাংলাদেশ পুষ্টি পরিষদের কনসালটেন্ট ডা. ইকবল কবির, পুষ্টি অ্যাডভাইজার খ্রিস্ট রায়, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, কেয়ার বাংলাদেশের স্বাস্থ্য কর্মসূচি পরিচালক ডা. মো. ইখতিয়ার উদ্দিন খন্দকার, সিআইফর এন কেয়ার বাংলাদেশের সিনিয়র টেকনিক্যাল কোঅর্ডিনেটর এম হাফিজুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজার মো. হাসানুজ্জামান।
জেলার পুষ্টি পরিস্থিতি উপস্থাপন করেন কেযারের টিম লিডার নাজমিন রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান জেলার পুষ্টি বিষযক কর্মপরিকল্পনা বইয়ের মোড়ক উন্মোচন করেন।
Sylhetnewsbd Online News Paper