বড়লেখার পাল্লাথল ট্রাজেডি: মৃ্ত্যুর মিছিলে যুক্ত হলো আরেকটি নাম!

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখার পাল্লাথল চা বাগানে স্ত্রী শাশুড়ীসহ ৪ জনকে কুপিয়ে হত্যার পর ঘাতকের ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত-বিক্ষত শরীর নিয়ে হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়া কানন বালা(৩৪) নামের সেই চা শ্রমিক নারীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মর্মান্তিক এ ঘটনায় হিংস্র নির্মলের কবল থেকে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় গত ৭ দিন ধরে ওসমানী হাসপাতালের ফ্লোরেই কাতরাচ্ছিলেন এ ঘটনায় স্বামী সন্তান ও ননদ হারানো গুরুতর আহত কানন বালা।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।

প্রসঙ্গত, গত রোববার ভোরে বড়লেখা উপজেলার সীমান্তবর্তী পাল্লাথল চা বাগানে পারিবারিক কলহের জের ধরে অস্থায়ী চা শ্রমিক নির্মল কর্মকারের ধারালো অস্ত্রের আঘাতে তার স্ত্রী জলি বোনার্জি (২৮), জলির মা লক্ষী বোনার্জি (৫০), ভাই বসন্ত ভৌমিক (৩৮) ও তার মেয়ে শিউলী ভৌমিক (১২) খুন হন। পরে নির্মল কর্মকার অত্মহত্যা করে। হিংস্র নির্মলের কবল থেকে প্রাণে বেঁচে গেলেও গত ৭ দিন ধরে ওসমানী হাসপাতালের ফ্লোরে কাতরাচ্ছিলেন নিহত বসন্ত ভৌমিকের স্ত্রী কানন বালা (৩৪)।