বড়লেখায় বোরো ধান কিনতে উন্মুক্ত লটারি ৭৪৩ জন কৃষককে নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কার্ডধারী কৃষকদের কাছ থেকে খাদ্য গুদামের জন্য বোরো ধান কেনার লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষক নির্বাচনের জন্য এ লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিক্রেতা ৭৪৩ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে।

জানা গেছে, চলতি বোরো মওসুমে বড়লেখা উপজেলায় ৭৪৩ মেট্রিন টন ধান ক্রয়ের বরাদ্ধ পাওয়া গেছে। ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ধান বিক্রয়ে আগ্রহী ১০৩১ জন কার্ডধারী কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে ৭৪৩ জনকে মনোনিত করা হয়েছে। তাদের কাছ থেকে সরকারি নিয়মানুযায়ী ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় করা হবে। আগামী কাল থেকেই ক্রয় কার্যক্রম শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার, উপজেলা খাদ্য কর্মকর্তা মোস্তাক আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, পৌর কাউন্সিলার আব্দুল মালিক ঝুনু ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জানান, নির্বাচিত কৃষক স্বশরীরে উপস্থিত থেকে ধান বিক্রয় করতে হবে। কার্ডধারী তালিকাভূক্ত কৃষক ব্যতিত অন্য কেউ খাদ্যগোদামে যেতে পারবেন না। অভিযোগ রয়েছে, অতীতে অনেক কৃষক সিন্ডিকেটের কাছে কৃষক কার্ড বিক্রি করে দিতেন। এবার কোন কৃষক কৃষিকার্ড বিক্রি করলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট চালানো হবে।