সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট নগরীর আখালিয়ায় চিকিৎসকের বাসা থেকে গৃহপরিচারিকা মাদ্রাসা ছাত্রী কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে আখালিয়া সুরমা আবাসিক এলাকার ৪ নম্বর গলির সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত শিশু সার্জন ডঃ ওয়েছ আহমদ চৌধুরী ও গাইনি চিকিৎসক জামিলা খাতুন চৌধুরী দম্পতির বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। ডা: জামিলা সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান।
নিহত কিশোরী জান্নাত আক্তার রিনা(১৪) সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার বতুমারা গ্রামের আবদুল মালিকের মেয়ে।
রিনার পিতা আবদুল মালিক জানান, জামিলা খাতুনের বাসায় রিনার খালা কাজ করেন। প্রায় ১০ বছর আগে স্ত্রীর অপারেশন করেন ডাক্তার জামিলা। এসময় শিশু রিনাকে দেখে তিনি বলেন তার কাছে দিয়ে দিতে তিনি নিজের মেয়ের মতো দেখবেন এবং পড়ালেখা করাবেন। এরপর রিনাকে তারা ডাক্তার জামিলার বাসায় দিয়ে দেন। ডাক্তার জামিলা রিনাকে দিয়ে বাসার কাজ করান এবং একটি মাদ্রাসায় ভর্তি করান। সে এবছর অষ্টম শ্রেণিতে পড়ছিলো।
আবদুল মালিক আরো বলেন,শনিবার সকাল ১১টার দিকে তারা আমাদেরকে ফোন করে জানায়, রিনা আত্মহত্যা করেছে। খবর পেয়ে তারা সিলেট এসে ময়না তদন্ত শেষে তিনি মেয়ের লাশ রাতে বাড়িতে নিয়ে দাফন করবেন। তিনি কোতোয়ালী থানায় একটি জিডি করেছেন।
এ বিষয়ে ডাক্তার জামিলা খাতুন বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর সকাল সাড়ে ১০টার তার মেডিকেল পড়ুয়া মেয়ে তাকে ফোন করে বলেন, রিনা ঘরের সিড়ির সিলিং এর সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে ঘরের আরও কাজের লোক ও ডা. জামিলার মেয়ে মিলে রিনার দেহ নিচে নামান।
বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে ডাক্তার জামিলা খাতুন পুলিশকে খবর দেন এবং তিনিও বাসায় চলে আসেন। পরে সিলেট কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে।
ডাক্তার জামিলা খাতুন জানান, ‘আমি আমার সন্তানের মতোই রিনাকে স্নেহ করতাম। তার খালাও আমার বাসায় কাজ করে। সে বলতে পারবে আমার পরিবারের সবাই রিনাকে কত স্নেহ করতো।’
এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে দুপুর একটার দিকে লাশ উদ্ধার করে। মেয়েটির গলার নিচ দিকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যাই। তবে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper