কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছরের মেয়েকে হত্যার দায়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে এ দণ্ড কার্যকর করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তি আবদুল গফুর (৪৭) লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চর লরেন্স এলাকার শামসুল হকের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাকর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সব আইনি প্রক্রিয়া শেষে রবিবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে আবদুল গফুরকে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের পর সব আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আবদুল গফুরের মরদেহ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০০৬ সালে লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চর লরেন্স এলাকায় ৫ মাসের অন্তঃসত্ত্বা নারী ও তাঁর দুই বছরের কন্যাশিশুকে হত্যা করা হয়। এ ঘটনায় রামগতি থানায় আবদুল গফুরের নামে হত্যা মামলা হয়। মামলায় ২০০৮ সালে বিচারিক আদালত আবদুল গফুরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে আবদুল গফুর উচ্চ আদালতে আপিল করলে তার মৃত্যুদণ্ড বহাল থাকে। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলে তাও খারিজ হয়।ইত্তেফাক