লকডাউনের প্রথম দিনে বড়লেখায় আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান

মস্তফা উদ্দিন, বড়লেখাঃ সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১জুলাই) মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।উপজেলার দক্ষিণ ভাগ,চান্দগ্রাম ও পৌরশহরে চেকপোস্টে বসিয়েছে পুলিশ। প্রয়োজন ছাড়া যারা যানবাহন নিয়ে বেরিয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদে।

সরেজমিনে পৌরশহরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সকাল থেকেই দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জরুরী প্রয়োজন ছাড়া যারা যানবাহন নিয়ে সড়কে বেরিয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের। যেসব গাড়ি চলাচল করছে সেগুলোর অধিকাংশই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,গণমাধ্যম,অ্যাম্বুলেন্স, জরুরি ও খাদ্য পণ্যবাহী ট্রাক,তবে এ সময়ে অলিগলি ও গ্রামীণ রাস্তায় কিছু রিকশা চলাচল করতে দেখা যায়।

উপজেলা প্রশাসন,সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি যৌথভাবে উপজেলার বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যায়। এসময় সেনাবাহিনীর সিলেট সেনানিবাসের ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন মো. মাহাদী হাসান,বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা,জুড়ী সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ও বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ ছিলেন।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধি নিষেধ বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এবং বিজিবি যৌথভাবে মাঠে কাজ করেছে। বিধি নিষেধ যাতে যথাযথভাবে প্রতিপালিত হয় এজন্য মনিটরিং করা হচ্ছে। প্রথম দিন পৌর শহরসহ উপজেলার গুরুত্বপূর্ণ বাজার এলাকায় টহল দেওয়া হয়েছে। মানুষের সমাগম খুব দেখা যায়নি। যে খানে
মানুষের সমাগম দেখা গেছে সেখানে সতর্ক করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে প্রশাসন মাঠে থাকবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। কেউ যদি সরকারি বিধি নিষেধ লঙ্ঘনের চেষ্টা করে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।