কক্সবাজারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সিলেট নিউজ বিডি ডেস্ক: কক্সবাজারে নিজ ঘরের বাথরুমে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কানিজ ফাতেমা নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পারিবারিক কলহের জের ধরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি শ্বশুর বাড়ির লোকজনের। তবে গৃহবধূর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে হত্যা করা হয়েছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের দক্ষিণ পাহাড়তলীতে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার দুপুরে ঘরের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ ফাতেমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ফাতেমার পরিবার অভিযোগ করায় জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িকে থানায় নিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার সর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ার মুস্তফা সওদাগরের মেয়ে কানিজ ফাতেমার সঙ্গে প্রেমের সম্পর্ক করে পালিয়ে বিয়ে করেন কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলীর ইসলামপুর এলাকার মৃত মো. হারুনের ছেলে ফারুক।
কিছুদিন সংসার সুখে গেলেও স্বামী ফারুকের গভীর রাত পর্যন্ত বাইরে ঘুরাঘুরি, মাদকাসক্ত ও পারিবারিক অন্যান্য বিষয় নিয়ে মনমালিন্য শুরু হয়। এ নিয়ে তাদের মাঝে প্রায় সময় ঝগড়া হতো।

এর জের ধরে সোমবার গভীর রাতেও ঝগড়া হয় স্বামী-স্ত্রীর। ঝগড়ার পর স্বামী ফারুক বাইরে চলে গেলে ফাতেমা বাথরুমে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কিন্তু গৃহবধূ কানিজ ফাতেমার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। তারা পুলিশ নিয়ে শ্বশুর বাড়ি থেকে মঙ্গলবার দুপুরে মেয়ের লাশ উদ্ধার করেন।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত বড়ুয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িকে থানায় নিয়ে আসা হয়েছে। স্বামী পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।