সিলেট নিউজ বিডি ডেস্ক: দেশের সবগুলো পৌরসভা কর্মবিরতির ডাক দিয়েছে। পেনশন ও বেতন ভাতার দাবিতে তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। ২৮ জানুয়ারি রবিবার থেকে এই কর্মবিরতি শুরু হবে। চলবে লাগাতার তিনদিন।
শুক্রবার(২৬জানুয়ারি) বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএপিএস) সভাপতি মোহাম্মদ আবদুল আলিম মোল্লা ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সহিদুল ইসলাম এই কর্মসূচির কথা নিশ্চিত করেন।
বিএপিএসের নেতারা বলেন, দেশ মোট ৩২৭টি পৌরসভা রয়েছে। এরমধ্যে নামমাত্র কয়েকটি পৌরসভা নিজেদের তহবিল থেকে তাদের কর্মচারী বেতন ও পেনশন দেন। ২২৬টি পৌরসভার বেতন অনিয়মিত। আর এদের মধ্যে কিছু পৌরসভা আছে যাদের কোনো আয় নেই। তহবিল নেই। তারা কর্মচারীদের বেতন, পেনশন দিতে পারে না। আমাদের দাবি এসব পৌরসভার কর্মচারীদের সরকারের কোষাগার থেকে বেতন ও পেনশন দিতে হবে। সরকার আমাদের দাবি না মানলে আগামী রবিবার থেকে দেশের সব পৌরসভা সেবা বন্ধ করে দেবে। তারা সবাই কর্মবিরতিতে যাবে।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি দেশের পৌরসভাগুলো কর্মবিরতিতে গিয়েছিল। সেদিন সরকারের আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিল সংগঠনের নেতারা। তবে কর্মসূচির প্রত্যাহারে সেদিন শর্ত বেধে দিয়েছিল। সরকার সেই শর্ত পূরণ না করলে পুনরায় কর্মসূচি দিতে বাধ্য হয় বিএপিএস সংগঠনের নেতাকর্মীরা।
Sylhetnewsbd Online News Paper