আধুনিক নগর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীর

সিলেট নিউজ বিডি ডেস্ক: বিপুল ভোটের ব্যবধানে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। দেশের সবচেয়ে বড় এ সিটির নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪,০০,০১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৯৭,৬১১ ভোট।

দ্বিগুনের চেয়েও বেশি ভোটে জয়ের পর গাজীপুর সিটি করপোরেশনকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীর আলম। এজন্য তিনি উন্নয়নের একটি প্যাকেজ দিতে যাচ্ছেন বলেও জানিয়েছেন।

বিজয়ের পর বুধবার (২৭ জুন) সকালে তিনি গাজীপুর শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় গাজীপুরের উন্নয়নে তার পরিকল্পনা তুলে ধরে সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা চান জাহাঙ্গীর। পাশাপাশি বিএনপিকেও হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।

বলেন, এই গাজীপুর সবার। সবাইকে নিয়েই শহরটি গড়ে তুলতে চাই।

তিনি বলেন, প্রত্যেকটি নাগরিক চায় তার মৌলিক অধিকার, তার জনপ্রতিনিধি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে। আমার পক্ষ থেকে নাগরিকদের অধিকার বাস্তবায়নের জন্য যা যা প্রয়োজন সর্বোচ্চ চেষ্টা করে যাব।

কোন বিষয়গুলো অগ্রাধিকার দেবেন- এমন প্রশ্নে জাহাঙ্গীর বলেন, বিশেষ করে আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের মাদক, আমাদের এখানে জলাবদ্ধতা এবং আমাদের এখানে ময়লা আবর্জনা, ডাস্টবিন, পরিকল্পিত নগরায়নের জন্য রাস্তার পাশে ফুটপাত তৈরি করে দেয়া, মানুষের অক্সিজেনের জন্য গাছ লাগানো এসব মিলিয়ে আমি একটি প্যাকেজ তৈরি করেছি, আপনাদের মাধ্যমে আমি সেটা জানাব। একটি পূর্ণাঙ্গ সিটি করার জন্য যা যা প্রয়োজন সবগুলো করার জন্য আমি চেষ্টা করব।

ভোটের আগে প্রার্থীরা নানা আশা দেয়, কিন্তু ভোটের পর অনেকেই আবার তা ভুলে যায়। আপনিও অনেক আশা দিয়েছেন, ভুলে যাবেন?- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, এটা আমার কর্মের মধ্য দিয়েই প্রমাণ পাবেন। যেদিন থেকে আমি দায়িত্ব বুঝে পাব, সেদিন থেকেই আমার কর্ম শুরু হবে।

গাজীপুরবাসীর জন্য কোনো বার্তা আছে কি না-জানতে চাইলে নৌকা মার্কার বিজয়ী প্রার্থী বলেন, গাজীপুরবাসীর জন্য ম্যাসেজ হচ্ছে আমরা কিছু করতে চাই ডেভেলপমেন্টের এর দিক দিয়ে। আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

আমাদের সকলের সহযোগিতায় আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য একটি ভালো কিছু সৃষ্টি করে যেতে চাই। সবার জন্য একটি বাসযোগ্য শহর, মানুষ যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে।

এদিকে গাজীপুরের উন্নয়নে বিএনপির সহযোগিতাও চান জাহাঙ্গীর। জানান, দলটির প্রার্থী হাসান উদ্দিন সরকারের কাছেও যাবেন তিনি।

তিনি বলেন, আমার দলের সকল নেতাকর্মীদের সহযোগিতা চাই, আমার প্রত্যেকটি নাগরিকের কাছে সহযোগিতা চাইছি। বিশেষ করে বিএনপি একটি বড় দল, তারা যেন সহযোগিতা করে। এলাকার স্বার্থে জনগণের স্বার্থে তারা যেন বিরোধিতার জন্য বিরোধিতা না করে। সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ তৈরি হয়।

জাহাঙ্গীর বলেন, আমি ওনাকে (হাসান উদ্দিন সরকার) সম্মানের চোখে, শ্রদ্ধার চোখে দেখি। আমি ওনার কাছে যাব, ওনার সহযোগিতা চাইব। একটি পরিকল্পিত নগর করার জন্য আমার যার যার, যে প্রতিষ্ঠানের কাছে, যেখানে যেতে হয় আমি সবাইকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে সেই কাজটি করতে চাই।