সিলেট নিউজ বিডি ডেস্কঃ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান বলেছেন, ‘ভাটি এলাকার জন্য প্রধানমন্ত্রীর সবসময় মমত্ববোধ কাজ করে। তিনি এই এলাকার উন্নয়নের ব্যাপারে আন্তরিক। সুনামগঞ্জ বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় জনপদ। সকলে মিলেমিশে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সুনামগঞ্জকে একদিন সারাদেশের কাছে রোলমডেল হিসেবে তৈরি করতে হবে।’ শনিবার বিকালে সুনামগঞ্জের শহীদ আবুল হোসেন মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সুনামগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে। অদূর ভবিষ্যতে এখানে বিশ্ববিদ্যালয় হবে। নার্স ট্রেনিং ইন্সটিটিউট ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বেশকিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন হবে। এই জনপদ পিছিয়ে থাকবে না। এ ধরনের সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ এই এলাকার শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার ব্যাপারে উৎসাহ যোগাবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোযোগী হতে হবে। মৌলিক চিন্তা করতে হবে, সুশিক্ষিত, উদার ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সফল হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। আমরা উন্নত ও আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখি। আওয়ামীলীগ যখন ২০০৯ এ সরকার গঠন করেছে, তখন বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা ছিল মোটের ১ শতাংশ। এখন সেটা বেড়ে ১৬-১৭ শতাংশ হয়েছে। আধুনিক দেশ গড়তে আমরা বিজ্ঞান শিক্ষায় জোর দিয়েছি।’
মুক্তিযোদ্ধা ও গবেষক অ্যাডভোকেট বজলুল চৌধুরী খসরুর সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন্নবী। এ সময় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘শিক্ষার হারের দিক দিয়ে সুনামগঞ্জ বাংলাদেশের জেলাগুলোর মধ্যে তলানিতে অবস্থান করছে। আমাদের শিক্ষক ও অবকাঠামোর সংকট রয়েছে। এই সংকট দূর করতে আমরা কাজ করে যাচ্ছি।’
সংগঠনের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসনের শিক্ষার্থী মাহবুবুর রহমান তাহমীদ আলোচনা সভা সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশলের শিক্ষার্থী আশফাক জাহান তানজিম, ফরহাদ শাহী আফিন্দী এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূরকৌশলের শিক্ষার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম। আলোচনা শেষে চুয়েট শিক্ষার্থী আশফাক জাহান তানজিমকে সভাপতি ও বুয়েট শিক্ষার্থী বিধায়ক রায়কে সাধারণ সম্পাদক করে সংগঠনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৮-২০১৯ সেশনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানান অতিথিরা
উল্লেখ্য যে, সুনামগঞ্জের যে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তাদের সম্মিলিত উদ্যোগে ‘পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, সুনামগঞ্জ’ প্রতিষ্ঠা করা হয়েছে। সংগঠনটি নিয়মিত বিশ্ববিদ্যালয় ভর্তিবিষয়ক সেমিনার, আলোচনা সভা আয়োজন করছে।
Sylhetnewsbd Online News Paper