সিলেট নিউজ বিডি: সুনামগঞ্জের ছাতকে আটককৃত এক আসামীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আসামীর সহযোগীরা। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যে ৭ টায় উপজেলা জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন-টুকেরগাঁও এলাকায়। এসময় পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেলটি ভাংচুর করে তারা।
আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ প্রশাসন ও এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বৈতুল্লাহ(৪০)কে গ্রেফতার করতে বড়কাপন বাজার অভিযান চালায় জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুর মিয়া, এএসআই সমিরন দেব ও এএসআই জুয়েল আহমদ। বাজারে তার নিজ দোকান কোটায় লুকিয়ে থাকা বৈতুল্লাহকে আটক করে পুলিশ। এক পর্যায়ে তাকে সাথে নিয়ে পুলিশ ফাঁড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে বৈতুল্লাহর সহযোগি ও স্বজনরা পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় তার উশৃঙ্খল সহযোগিরা এসআই নুর মিয়ার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাংচুর করে। বৈতুল্লাহ বড়কাপন-টুকেরগাঁও গ্রামের ছইচ মিয়ার পুত্র।
এসআই নুর মিয়া জানান, আসামীকে ঝাপটে ধরার সময় সে পালিয়ে যায়। এসময় সাইকেলটি রাস্তায় পড়ে সামান্য ক্ষতি হয়েছে মাত্র।
এ ব্যাপারে ছাতক থানার ওসি আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশের সাথে ধস্তাধস্তি করে আসামী পালিয়ে যায়।
Sylhetnewsbd Online News Paper