ছাতকে তীব্র শীতে বেড়েছে শীতবস্ত্রের বেচাকেনা

হেলাল আহমদ হেলাল, ছাতক প্রতিনিধি সিলেট নিউজ বিডিঃ চলছে শীতকাল। এই শীত এলেই সারাদেশেই জমে উঠে গরম কাপড়ের বাজার। শুরু হয় গরম কাপড় বেচাকেনার ধুম। সাড়া দেশের ন্যায় সুনামগঞ্জের ছাতকে জমে উঠেছে শীতকালীন পোশাকের বেচাকেনা। বিগত কিছুদিন ধরে শীতের তীব্রতা যতো বাড়ছে ততোই বাড়ছে ধনী-গরীব সকলের শীতকালীন পোশাকের চাহিদা। উপজেলার বিভিন্ন গরম কাপড়ের দোকানে মানুষের উপচেপড়া ভিড়ই জানান দিচ্ছে শীতের তীব্রতা এখন কতো। ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন শপিংমল গুলোতে চোখ রাখলে চোখে পড়ে শীতকালীন পোশাক কিনতে ক্রেতাদের নজরকাড়া ভিড়।
সরেজমিনে উপজেলার জাউয়াবাজার, গোবিন্দগঞ্জ ও ছাতকবাজারের বেশ কিছু দোকান ঘুরে দেখা যায়, বাজারে শীতবস্ত্রের দোকানগুলোতে গরম কাপড়ে ঠাঁসা। দোকানঘরগুলোর পাশাপশি ফুটপাতে সকাল থেকে রাত অবধি চলছে এসব পোশাকের বেচাকেনা। বিক্রয়কর্মীরা ক্রেতাদের নজর কাড়তে দিচ্ছে নানারকম শ্লোগান।
গোবিন্দগঞ্জের রিলেশন শপিং সেন্টারের একজন ব্যবসায়ী জানান, অন্য বছরের তুলনায় এবার ব্যাপক হারে শীতবস্ত্র দোকানে তোলা হয়েছে। ছেলে-বুড়ো থেকে শুরু করে সব শ্রেনী-পেশার মানুষের পোশাক দোকানে থাকায় সকলের চাহিদা অনুযায়ী পচ্ছন্দের পোশাক ক্রয় করতে পারছেন তার দোকানে। তবে বিগত বছরের তুলনায় এই বছর গরম কাপড় একটু বেশীই বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
শপিংমল গুলোর পাশাপাশি গরম কাপড়ের বেচা-কেনায় পিছিয়ে নেই ফুটপাতের ব্যবসায়ীরা। স্বল্প মূল্যে গরম কাপড় কিনতে পেরে দিনমজুর থেকে শুরু করে মধ্যবিত্তরাও ভিড় করছেন গরম কাপড়ের দোকানে। জাউয়াবাজারে ফুটপাত থেকে শীতের কাপড় কিনতে আসা আব্দুর রহমান নামের এক ব্যক্তি বলেন, বিগত বছর গুলোর তুলোনায় এই বছর নানা ধরনের শীতবস্ত্র বাজারে এসেছে। তবে শপিংমল গুলোর তুলনায় ফুটপাতে গরম কাপড়ের মূল্য কম হওয়ায় এখান থেকেই নিজের ও বাচ্চাদের জন্য কাপড় কিনেছি।
ফুটপাতের দোকানগুলোতে নতুন ও পুরনো কাপড়ের বেচাকেনা এবং মূল্য নিয়ে দোকানীদের সাথে কথা বললে তারা জানান, শীতে বাচ্চা, মহিলা ও বৃদ্ধদের কাপড় বেশীই বিক্রি হচ্ছে। বাচ্চাদের পুরনো সোয়েটার ১শ’ টাকা থেকে ৪শ’ ৫০টাকা, নতুন সোয়েটার ৪শ’ টাকা থেকে ৮শ’ টাকা, জ্যাকেট রেকসিন ৩শ’ টাকা থেকে ৫শ’ টাকা ও কাপড়ের জ্যাকেট ৩শ’ ৫০ থেকে ৬শ’ টাকা প্রকার ভেদে বিক্রয় হচ্ছে। এছাড়াও বাচ্চাদের কান টুপি ৪০টাকা থেকে ১শ’ টাকা, হাত মুজা ৩৫টাকা, কাপড়ের জুতা ১শ’ টাকা, ছেলেদের ব্লেজার গেঞ্জি ৩শ’ টাকা, হুটসহ কাপরের জ্যাকেট ৫শ’ থেকে ৮শ’ টাকা, রেকসিন জ্যাকেট ৪শ’ টাকা থেকে ১হাজার ৩শ’ টাকা। মহিলাদের জন্য দেশী চাঁদর ৪শ’ ৫০ থেকে ১হাজার ৫শ’ টাকা, মেয়েদের পুরনো কার্ডিগান ৪শ’ টাকা থেকে ৬শ’ ৫০ টাকা, সোয়েটার ৩শ’ টাকা থেকে ৭শ’ টাকা করে বিক্রি করতে দেখা গেছে দোকানীদের।