দক্ষিণ ছাতকে উপজেলা বাস্তবায়নের দাবীতে আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক

হেলাল আহমদ হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি সিলেট নিউজ বিডিঃ ছাতকের দক্ষিণাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ ছাতক উপজেলা’ নামে একটি স্বতন্ত্র উপজেলা গঠনের জন্য সরকারসহ সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে পদক্ষেপ গ্রহনের আহবান জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ। গত বুধবার (১ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার দোলারবাজারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা দক্ষিণ ছাতকে উপজেলা গঠনের বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরে সরকারসহ সংশ্লিষ্ট সকলের কাছে এ আহবান জানান।
প্রবীণ মুরব্বী আকবর আলীর সভাপতিত্বে ও হাজী আশিক আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মো. ইউসুফ আলী, ফটিক মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, নুরুল হক, আব্দুল মতিন, আনোয়ার হুসেন, ইউপি সদস্য আব্দুল হাশিম, ইউপি সদস্য আরিফ আহমদ জমির, আহমদ জুনায়েদ দবির, সাজুর আলী, মিজানুর রহমান, আব্দুস শহীদ, ফখর উদ্দিন, আব্দুল আউয়াল, সজিবুল ইসলাম, ছোট মিয়া, এমরান হুসেন খোকন প্রমূখ।
বক্তারা আরো বলেন, দক্ষিণ ছাতকে উপজেলা প্রতিষ্ঠা করলে তার কার্যালয় যত্রতত্র করলে হবে না। দক্ষিণ ছাতক উপজেলা কার্যালয় দোলারবাজার ইউনিয়নেই স্থাপন করতে হবে। যাতে করে যে কোন পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থা নূন্যতম সময়ের মধ্যে উপজেলা যেকোন প্রান্তে পৌছাতে পারে। এসময় বক্তারা দাবী আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন চালানোর লক্ষ্যে আগামী ১১ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় দোলারবাজার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে স্থানীয় দোলারবাজারে সভা আহবান করেন।