ঢাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাতকের এক যুবকের মৃত্যু

সিলেট নিউজ বিডি ডেস্ক: ঢাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাতকের মো.আলী নুর (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার পূর্বে গাজীপুর (বড়বাড়ি) এলাকায় একটি দোকান ঘরে রং করার সময় ঝুলে থাকা তারে লেগে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে স্থানীয় লোকজন একটি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈয়দরগাঁও গ্রামের মৃত আরশ আলীর পুত্র। দীর্ঘদিন ধরে নিহতের পরিবারের লোকজন তার মামার বাড়ি একই ইউনিয়নের সিংচাপইড় গ্রামে বসবাস করে আসছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার গাজীপুর (বড়বাড়ি) এলাকায় থেকে রং মিস্ত্রির কাজ করে আসছিল আলী নুর। শুক্রবার বিকেলে একটি দোকান ঘরে রং করার কাজ করছিল সে। হঠাৎ করেই দোকান ঘরে ঝুলে থাকা বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়লে সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। নিহত আলী নুরের লাশ ময়না তদন্ত শেষে শনিবার দুপুরে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।