ছাতকে ২৫দিনে একাধিক চুরি, ডাকাতি ও সংঘর্ষ

হেলাল আহমদ সিলেট নিউজ বিডি: ছাতকে গত ২অক্টাবর থেকে ২৭অক্টোবর পর্যন্ত ২৫দিনে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণসহ একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতির ব্যাপক অবনতি লক্ষ্য করা যাচ্ছে।

জানা যায়, ২অক্টোবর রাতে জাউয়া ইউপির খিদরা কাপন ও পাইগাঁও গ্রামবাসির সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোকজন আহত হয়। এসময় পুলিশ ১শ’ ২০রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ২৮জন গুলিবিদ্ধ হয়। ৩অক্টোবর পুলিশ পাইগাঁও পয়েন্টে কালারুকা ইউপির রামপুর গ্রামের আলতাব আলীর পুত্র শফিকুল ইসলাম, হুশিয়ার পুত্র সাইদুর রহমান-তোফায়েল ও নূরুল্লাপুর গ্রামের মৃত মাফিজ আলীর পুত্র বাবুল মিয়াকে ১শ’ ৬১বোতল ভারতীয় মদ ও একটি সিএনজিসহ আটক করে। ৬অক্টোবর রাতে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির বেরাজপুর গ্রামের ময়না মিয়ার পুত্র লেগুনা চালক তাজ উদ্দিনসহ অন্যান্যরা তার স্ত্রী ইসলামপুর ইউপির বাহাদুরপুর (আফজলপুর) গ্রামের আলীম উদ্দিনের মেয়ে খাদিজা বেগমকে যৌতুকের জন্য পিঠিয়ে হত্যা করে। ৮অক্টোবর দোলারবাজার ইউপির জাহিদপুর নতুন বাজারে দবির মিয়া ও রুবেল আহমদের মধ্যে এবং একই দিনে জাহিদপুর পুরান বাজারে জাহিদপুরের ইবরাহিম আলী ও নরসিংহপুরের আব্দুল মতিনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দু’টি ঘটনায় আহত ৪০জনের মধ্যে ১১জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ৯অক্টোবর পৌর শহরের বাগবাড়ি এলাকায় কামরুল ইসলাম জাহেদের বাসার পূর্বদিকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে নগদ ৫০হাজার টাকা, ২০ভরি ওজনের স্বর্ণালংকারসহ ১০লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ১০অক্টোবর সুনামগঞ্জ আদালতে ছাতকের নোয়ারাই ইউপির বারকাহন গ্রামের সফিকুল হক তালুকদারের পুত্র আল-মামুন নামের এক যুবককে বলাৎকারের অভিযোগ যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। ১৬অক্টোবর উপজেলার জাউয়াবাজার ইউপির কৈতক-কালিপুর সড়কের ডেংগারখাড়া সেতুর পাশে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

একই দিন ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের নেতৃত্বে বাগবাড়ি আবাসিক এলাকার লোকজন রেলওয়ে-রোপওয়ের আনলোডিং বাংকার ও শ্মশান ঘাটের পাশে নির্মিতব্য একটি মদের পাট্টা গুড়িয়ে দিয়েছেন। ১৭অক্টোবর দশঘর গ্রামের মৃত নূর উদ্দিনের পুত্র আঙ্গুর মিয়া (২১) নামের যুবক বিষপানে আত্মহত্যা করে। ১৯অক্টোবর সিএনজি ছিনতাইকারি অদুদ মিয়াকে আটক করে পুলিশ। সে ছাতক সদর ইউপির আন্ধারীগাঁও গ্রামের মৃত ছয়ফুর রহমানের পুত্র। সে ২৭সেপ্টেম্বর ভাতগাঁও এলাকা থেকে খুজাইফা এন্ড তালহা নামের একটি অনটেষ্ট সিএনজি ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। ১৯অক্টোবর জাউয়াবাজারের পীর এনামুল হকের সেবা ফার্র্মেসীতে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। একই দিনে রাত ১০টায় শামিম আহমদ তালুকদার নামের এক সংবাদকর্মিকে মোবাইল ফোনে হুমকি দিলে থানায় একটি জিডি (নং ১০৯০/১৭) করা হয়।

২০অক্টোবর পৌর শহরের নেয়ারাই গ্রামের মৃত নূর মিয়ার পুত্র হাজি মিফতাহ আহমদের বাড়িতে মূখোশধারি ১০/১৫জনের ডাকাতদল জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ ৭লাখ টাকা, ২০ভরি স্বর্ণালংকারসহ ১৫লক্ষাধিক টাকার মালামাল লুঠে নেয়। ২১অক্টোবর ইসলামপুর ইউপির রহমতপুর গ্রামের মৃত লতিফ উল্লাহর পুত্র জইন উদ্দিন কর্তৃক একই গ্রামের মৃত সোনাহর আলীর স্ত্রী ধর্ষণের শিকার হয়। ২১অক্টোবর হাসনাবাদ পূর্ব পাড়ার আমির আলীর মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ২২অক্টোবর পুলিশের রাতব্যাপী সাড়াশি অভিযানে নোয়ারাই গ্রামের ডাকাতির মালামালসহ নোয়ারাই গ্রামের মনোহর আলীর পুত্র শাহিন (৩০), আব্দুল মোমিনের পুত্র আব্দুর রহিম (২৫), রশিদ আলীর পুত্র দুলাল মিয়া (২০)কে গ্রেফতার করা হয়। সর্বোপরি উপজেলাব্যাপী আইন-শৃংখলার পরিস্থিতির অবনতির পাশাপাশি অপরাধ দমনে পুলিশী তৎপরতা ছিল লক্ষনীয়। উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুল আইন-শৃংখলার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে দাবি করে বলেন, এখানে অপরাধ দমনে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।