সিলেট নিউজ বিডি ডেস্ক: সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে গোপনে এলাকা পরিদর্শনে এসে দায়িত্বশীল এক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন যুগ্ম সচিব। পত্রিকায় অনিয়মের ঘটনা জানতে পেরে নির্মিতব্য সড়কটি আকস্মিক পরিদর্শনে যান তিনি। এ ঘটনায় বৃহত্তর সিলেট অঞ্চলের সওজ বিভাগে ব্যাপক তোলপাড় চলছে।
জানা যায়, রোববার (২৯অক্টোবর) ছাতক-দোয়ারা সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম-দূর্নীতির অভিযোগ পেয়ে পূর্ব ঘোষিত কোন সফর সূচি ছাড়াই আকস্মিকভাবে পরিদর্শন করেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনিন্দ্র কিশোর চৌধুরী। তিনি ওই সড়কের নৈনগাঁওয়ের পাশের একটি স্থানে পৌঁছলে স্থানীয় লোকজন হাতের আঙ্গুল দিয়ে সড়কের পাকা অংশ তুলে নিম্মমানের কাজের বেহাল অবস্থা দেখান।
এসময় যুগ্মসচিব বিক্ষুব্ধ হয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মুটো ফোনে কথা বলেন সড়কের তদারকি কর্মকর্তাকে বরখাস্ত করেন। এসময় উপস্থিত উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় লোকজনদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কাজের মান ভাল হয়নি। তদারককারি প্রকৌশলী রমজান আলীর নামে এখনই (২৯অক্টোবর দুপুর ২টায়) সাময়িক বরখাস্তের চিঠি ইস্যু করা হচ্ছে। এছাড়া সড়কের কাজের মান যাচাইয়ের জন্য উচ্চ পর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করার আশ্বাস দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভূক্ত করা হবে বলে এলাকাবাসির কাছে প্রতিশ্রুতি দেন তিনি।
জানা গেছে, ছাতক-দোয়ারাবাজার পর্যন্ত ১৪কিলোমিটার সড়কের ১১কিলোমিটারেই নিম্নমানের কাজ করা হয়েছে। ২০১৬সালের অক্টোবর মাসে ১০কোটি ৬৪লাখ টাকার কাজ শুরু করে সিলেটের ঠিকাদার ইউনুস এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারিী সুহেল মিয়া। এ বরাদ্ধের মধ্যে কাড়ইলগাঁও সেতুসহ সড়কের সিংহভাগ কাজ সম্পন্নের পর নৈনগাঁওয়ের কাছে পৌছলে কাজের মান দেখে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসি এতে চরমভাবে ক্ষোব্ধ হন। বিষয়টি সংশ্লি¬ষ্ট উর্ধ্বতন মহলসহ পত্র-পত্রিকার প্রকাশ হলে যুগ্মসচিব গোপনে পরিদর্শনে করেন।
সুনামগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। দোয়ারা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘স্যার সড়কের কাজ নিম্নমানের হয়েছে জানিয়ে বলেছেন, উচ্চ পর্যায়ের কারিগরি কমিটি কাজের তদন্ত করবে। কারিগরি কমিটি যদি এ কাজ আবার নতুন করে করার জন্য নির্দেশনা দেন, তাহলে ঠিকাদারকে পুরো কাজ পূনরায় নতুন করে করতে হবে। এখন কাজ কাজ বন্ধ রয়েছে এবং তদারকি কর্মকর্তা ছাতক উপ-সহকারি প্রকৌশলী রমজান আলীকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।
Sylhetnewsbd Online News Paper