ছাতকে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৮

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৮ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ৬জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর সারেং বাড়ির রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের তেরাব আলীর পুত্র ছোট মিয়া মঈনপুর যাবার পথে রাস্তায় তার উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে তার আত্মীয়-স্বজন ঘটনাস্থলে আসলে তাদের উপরও হামলা করা হয়। হামলায় পালপুর গ্রামের রাশিদ আলীর পুত্র জাহির (২৫), তেরাব আলীর পুত্র ছোট মিয়া (৩৫), আনর আলী (৩০), আসক আলীর পুত্র কালাম (২৭), মনসুর আলীর স্ত্রী মায়া বেগম (৪০), তেরাব আলীর মেয়ে জাহারুন নেছা (২০) গুরুতর আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। রোববার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় একটি সূত্র জানায়, পালপুর গ্রামের নূর মিয়া ও আব্দুল জলিল মানিক পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দু’পক্ষের মধ্যে একাধিক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানা ও আদালতে রয়েছে একাধিক মামলা। ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, উভয় পক্ষের মধ্যে বিরোধ থাকায় পক্ষে-বিপক্ষে মারামারির ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে।