সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে গত কয়েকদিন ধরে হওয়া টানা বর্ষণে ফের বড় রকমের বন্যার আশংঙ্কা দেখা দিয়েছে। উপজেলার নদ-নদী, খাল-বিল ও হাওরে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় আমনের বীজতলা তৈরি করা নিয়ে চরম দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন এখানকার কৃষকরা। ইতোমধ্যে গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অব্যাহত পানিবৃদ্ধির কারনে প্রতিদিনই নতুন-নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বন্যায় উপজেলার ১৩ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, গবাদিপশু, হাঁস-মুরগি ও মৎস্য খামারসহ ঘরবাড়ি প্লাবিত হতে শুরু করেছে। এতেকরে পানিবন্দী হতে চলেছেন প্রায় দু’লক্ষাধিক মানুষ।
স্থানীয়রা জানান, অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুরমা, চেলা, ধলাই, মরা চেলা, সুনাই ও পিয়াইন নদীর পানি ক্রমাগত বৃদ্ধি হচ্ছে। ইতোমধ্যে ভারতীয় সীমন্তবর্তী ইসলামপুর ও নোয়ারাই ইউপিসহ উপজেলার নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব এলাকার বিভিন্ন গ্রামীণ কাচা রাস্তা-ঘাট, হাট-বাজার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে পড়েছে। বিভিন্ন এনজিও দ্বারা পরিচালিত বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢলের পানি প্রবেশ করায় তা বন্ধ করে দেয়া হয়েছে। গ্রামীন রাস্তা-ঘাটে পানি উঠে পড়ায় মানুষের স্বাভাবিক জীবন যাত্রায় দেখা দিয়েছে চরম বিপর্যয়।
অপরদিকে, অব্যাহত পানিবৃদ্ধির কারনে প্রতিদিনই নতুন-নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখনো পাহাড়ি নদী ধলাই, পিয়াইন, চেলা, মরা-চেলা, সুরমা নদীসহ উপজেলার খাল-বিল ও হাওরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পুরো উপজেলায় ফের বড় রকমের বন্যার আশংঙ্কা করছেন স্থানীয়রা।
Sylhetnewsbd Online News Paper