ছাতকে স্বামীর দা’র আঘাতে স্ত্রী আহত

ছাতক প্রতিনিধিঃ ছাতকে মাদক সেবনের প্রতিবাদ করায় স্বামীর দা’র আঘাতে রোশনা বেগম (৩২) নামের এক স্ত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কাইস্থকোনা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর স্থানীয় জনতা নেশাগ্রস্থ স্বামী আব্দুল জলিলকে দাসহ আটকের পর জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে সৌপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর পূর্বে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বৈশবের গ্রামের তজম্মুল আলীর পূত্র আব্দুল জলিল বিয়ে করেন ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কাইস্থকোনা গ্রামের মৃত হুসিয়ার আলীর কন্যা রোশনা বেগমকে। ৪ সন্তানের জনক আব্দুল দীর্ঘদিন ধরে মাদকের নেশায় আসক্ত ছিলেন। মঙ্গলবার সকালে মাদকের বিষয়ে স্বামী-স্ত্রীর বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুল জলিল ধারালো দা দিয়ে মাথায় ও পায়ে আঘাত করলে গুরুতর আহত হয় রোশনা বেগম। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল চন্দ্র দেব বলেন, এ ঘটনায় আহত রোশনা বেগমের মা বাদী হয়ে মেয়ের জামাই আব্দুল জলিলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।