তাহিরপুর সীমান্তে গলাকাটা চেষ্টার অভিযোগে যুবক আটক

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের কলাগাও এলাকায় একটি শিশুর গলাকাটার চেষ্টার অভিযোগে এক যুবককে স্হানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাও সংসারপাড় গ্রামের জহুর আলীর ছেলে জয়নাল হোসেন (৩৫)।

স্হানীয় তথ্য সূত্রে জানা যায়, শনিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলাগাও গ্রামের ফিরোজ মিয়ার শিশু প্রতিবন্ধী ছেলে মতি মিয়া (১০) কলাগাও বাজার থেকে আসছিল। এসময়ে নদীর তীরে একা পেয়ে জয়নাল মিয়া তার গলায় ছুরি লাগিয়ে গলাকাটার চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটি দৌড়ে কলাগাও গ্রামের পল্লী চিকিৎসক সামসুদ্দিন মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। পরে বাড়ির লোকজন ও পথচারীরা জয়নাল হোসেনকে আটক করে একটি ঘরে বন্দী করে রাখে।

একপর্যায়ে বিষয়টি এলাকায় ব্যাপক জানাজানি হলে এলাকার শত শত লোক তাকে মারার জন্য জড়ো হয়।। পরে স্থানীয় কয়েকজন থানা পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে।

স্হানীয় ইউপি আওয়ামিলীগ নেতা সেলিম ইকবাল ও ব্যবসায়ী আনোয়ার হোসেন রতন জানান, শিশু মতি মিয়া প্রতিবন্ধী, সে দৌঁড়ে এক বাড়িতে এসে জানায় ছুরি লাগিয়ে তার গলাকাটার চেষ্টা করেছে জয়নাল হোসেন। পরে স্হানীয়রা জয়নালকে আটক করে একটি ঘরে বন্দী করে এবং পুলিশে সোপর্দ করেছে।

তারা জানান, জয়নাল উপস্হিত সকলের সামনে এ ঘটনা স্বীকার করেছে। ছুরিটি সে পল্লী চিকিৎসক সামসুদ্দিনের পুকুরে ফেলে দিয়েছে।

ট্যাকেরঘাট পুলিশ ফাড়িঁর এ এস আই কবির হোসেন গণমাধ্যমকে জানান, স্থানীয়রা জয়নাল হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাচ্ছে।