মাধবপুরে মন্দিরে হামলা: আরও ৪ জন আটক

সিলেট নিউজ বিডি: হবিগঞ্জের মাধবপুর মন্দিরে হামলা ও ভাঙচুরের অভিযোগে আরও ৪ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আটকের সংখ্যা হয়েছে ৭ জনে। শনিবার(০৫নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- জেলার মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের এবাদুর রহমানের ছেলে সৈয়দ মামুন মিয়া (৪২), একই গ্রামের আহাম্মদ আলীর ছেলে উসমান গণি (৩৬) একই উপজেলার কৃষ্ণনগর গ্রামের মহিবুর রহমানের ছেলে ইয়াসিন মিয়া (২০) ও হরিশ্যামা গ্রামের হিরন মিয়ার ছেলে শুকুর আলী (২৮)। এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, মন্দিরে হামলার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। বর্তমানে থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত রবিবার বি-বাড়িয়া জেলার নাসিরনগরে ফেসবুকে কাবা শরীফকে নিয়ে কথিত ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মাধবপুরে প্রতিবাদ সভাশেষে একদল যুবক বাজারে কালিমন্দিরে হামলা ও ভাঙচুর করে। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে ২শ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে।