হেলাল আহমদ, ছাতক প্রতিনিধিঃ ছাতেকর সিংচাপইড় ইউনিয়নের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ বাজার দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত রয়েছে। বাজারের প্রায় প্রত্যেকটি গলিতে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই গলিতে পানি ও কাদা জমে গলিগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে ক্রেতা ও ফুটপাতের ব্যবসায়ীদের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।
গত রোববার সরজমিনে বাজার ঘুরে দেখা যায়, রাতে হওয়া সামান্য বৃষ্টিতে বাজারে প্রবেশের গলিতে পানি জমে কাদা লেগে যাওয়ায় বাজারে আসা ক্রেতারা গলি ছেড়ে দোকানের বারান্দা দিয়ে বাজারে প্রবেশ করছেন। এমনকি প্রায় প্রত্যেকটা গলিতে পানি ও কাদা জমে যাওয়ায় বিভিন্ন দোকানের বারান্দা দিয়েই চলাচল করছেন ক্রেতারা। ফুটপাতের ব্যবসায়ীরা পানি ও কাদার জন্য গলিতে বসতে না পেরে মালামাল নিয়ে বিভিন্ন দোকানের আঙিনায় দাড়িয়ে রয়েছেন।
বাজারে আসা ক্বারী আব্দুল শহিদ জালালী নামের এক ক্রেতা জানান, দু’ঘন্টা পূর্বে বাজারে এসেছি। এখানে দাড়িয়ে আছি আধঘন্টা ধরে। গলিতে জমে থাকা নোংড়া পানি আর কাদার জন্য এখান থেকে মাছ-হাটা যেতে মন চাইছে না।
পবিত্র ষ্টোর নামের এক দোকানের বারান্দায় দাড়িয়ে থাকা আনোয়ার হোসেন নামের এক ফুটপাতের ব্যবসায়ী জানান, বিভিন্ন হাট-বাজারে গিয়ে আংগুর, আপেলসহ বিভিন্ন ধরণের ফল বিক্রি করি। বিক্রি করে যা পাই তা দিয়েই পরিবারের আহার যোগাই। প্রত্যেক হাট-বারে এই দোকানের সামনেই দোকান নিয়ে বসি। কিন্তু এখানে কাদা লেগে যাওয়ায় বসা যাচ্ছে না। অন্য কোথাও বসবো এমন একটা ভাল জায়গাও খুঁজে পাচ্ছিনা।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সরকার প্রতি বছর বাজার থেকে লক্ষাধিক টাকা রাজস্ব আয় করলেও দীর্ঘদিন থেকে বাজারের উন্নয়নে কোনো কাজ হয়নি। তারা বলেন, গলিতে পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেন নেই। যার কারনে সামান্য বৃষ্টিপাত হলেই গলিতে পানি ও কাদা জমে গিয়ে বাজারটি বেহাল রুপ ধারণ করে। বাজারে একটি স্বাস্থ্য সম্মত টয়লেট নেই। এখানে আসা প্রায় সকলেই দীর্ঘদিনের পুরনো অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করে। দূর্গন্ধে বাজারের উত্তর দিকটায় যেতেই মন চায় না। এমনকি বর্ষাকালে বাজারের গলিগুলোতে সর্বোচ্চ হাঁটু সমান পানি উঠে যাওয়ায় আমরা ব্যবসা করতে গিয়ে মারাত্মক সমস্যার সম্মূখীন হই।
এ ব্যপারে বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারী মো. আলমগীর হোসেনের সাথে কথা হলে তিনি ব্যবসায়ীদের অভিযোগের সাথে ঐক্যমত পোষণ করে বলেন, আমাদের এই বাজারটি দীর্ঘদিনের পুরনো ঐতিহ্যবাহী একটি বাজার। এখানে বেচা-কেনা করতে অনেক দূর-দূরান্ত থেকে ক্রেতা ও বিক্রেতারা আসেন। প্রত্যেক হাট-বারে কয়েক হাজার মানুষের সমাগম হয় এই বাজারটিতে। আামি জনস্বার্থে বাজারের সার্বিক উন্নয়নে এগিয়ে আসতে ছাতক-দোয়ারা আসনের মাননীয় এমপি জননেতা মুহিবুর রহমান মানিক ও উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি কামনা করছি।
Sylhetnewsbd Online News Paper