দিরাইয়ে ঋণের সুদ মওকুফ ও কিস্তি আদায় এক বছর স্থগিতের দাবিতে মানববন্ধন

সিলেট নিউজ বিডি: সুনামগঞ্জের দিরাইয়ে ব্যাংকঋণ ও এনজি ঋণের সুদ মওকুফ ও কিস্তি আদায় এক বছরের জন্য স্থগিতকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিরাই বাজার ব্যবসায়ী সমিতি।

রবিবার (০৭ মে) দুপুর ১টার দিকে পৌরসদরের থানা পয়েন্টে ব্যবসায়ী মাজু মিয়ার সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- মোশাহিদ মিয়া, আবুল কাশেম চৌধুরী, আবদুল হক মিয়া, আবু সাঈদ চৌধুরী, জুনেদ মিয়া, হান্নান অর রশিদ, জাকারয়িা হোসেন জোসেফ ও সুমন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন- “দিরাই বাজারে ছোট বড় প্রায় ৮৫০ জন ব্যবসায়ী রয়েছেন। এর মধ্যে ৯৫ ভাগ ব্যবসায়ীই ব্যাংক ও এনজিও এবং মহজনী ঋণগ্রস্ত। এবারের হাওর দুর্যোগে কৃষকের সর্বনাশে ব্যবসায়ীদের গলায় ফাঁস এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। তাই আমরা সরকারের কাছে এনজিও ও ব্যাংকের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক কিস্তি আদায় এক বছরের জন্য স্থগিত ও সুদ মওকুফের দাবি জানাচ্ছি।”