ছাতকে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২জনের নিহত ও ১০জন আহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের বোকারভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের বাসিন্দা আব্দুল করিম (৫৫) ও একই ইউনিয়নের ঝামক গ্রামের আব্দুল হক (৫০)। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও দুই জনকে ছাতকের কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এছাড়াও অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রাত পৌনে ৯টার দিকে ছাতক উপজেলার ধারণবাজার থেকে ১৫জন ছাদ ঢালাই মজুর কাজ শেষে একটি পিকআপে করে জাউয়াবাজার যাচ্ছিলেন। রাত ৯টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের জাতুয়ার বোকারভাঙ্গা এলাকায় পৌঁছলে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি মিনিবাস যাত্রীবাহি পিকআপ সাথে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি খাদে পড়ে যায়। এতে ১২জন লোক আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিম ও আব্দুল হককে মৃত ঘোষণা করেন। ছাতক থানার ওসি আতিকুর রহমান দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।