হেলাল আহমদ,সিলেট নিউজ বিডি: ছাতকে মেওয়া খানম (৭৫) বছর বয়সী এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর (নতুন পাড়া) গ্রামের মৃত আব্দুল মছব্বিরের স্ত্রী। রোববার (১২ নভেম্বর) বিকেলে ছাতক থানা পুলিশ ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। নিহত ওই বৃদ্ধার মৃত্যু নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে স্থানীয় লোকজনের ধারনা তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পরিবারের লোকজনের দাবী, রোববার সকাল ৬টায় বৃদ্ধা মেওয়া খানম বিছানা থেকে মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন বলে তাকে স্থানীয় কৈতক হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল সাড়ে ৮টায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে (ছাতক-দোয়ারা) সার্কেল সহকারী পুলিশ সুপার দুলস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, ওই বৃদ্ধার মাথার পেছনে আঘাতের দাগ পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Sylhetnewsbd Online News Paper