দিরাই উপজেলার কাজুয়ানদী খনন করার দাবিতে মতবিনিময় অনুষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্কঃ দিরাই উপজেলা কাজুয়া (দল) নদী হতে ভেড়া মোহনা হয়ে ধনু নদী পর্যন্ত খনন করার দাবিতে বাংলাদেশ ইয়ূথ ফ্রন্ট ও এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা শুক্রবার(৫ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকার সময় দিরাই উপজেলার তারাপাশা বাজার মাঠে অনুষ্ঠিত হয়।

এলাকার বিশিষ্ট মুরব্বী মস্তফা মিয়ার সভাপতিত্বে ও তারেক আল মঈনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ইয়ূথ ফ্রন্ট এর ভাইস চেয়ারম্যান গুলজার আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, আমরা হাওর পাড়ের মানুষ। আমাদের একমাত্র বোরো ফসল বার বার অকাল বন্যায় তলিয়ে যায়। সময় মতো বাঁধ মেরামত না করার কারনে গত বারের বন্যায় আমাদের জীবন জীবিকার একমাত্র ফসল ঘরে তুলতে পারি নাই। এবারও সময় মতো হাওরের পানি না নামার কারনে আমরা ঠিক সময়ে ফসল বুনতে পারছিনা। আমরা কৃষক পরিবার, নিজের টাকা বিনিয়োগ করে ফসল ফলাই। খাদ্যের চাহিদা পুরণ করে অতিরিক্ত ধান বিক্রি করে পরিবারের অন্যান্য চাহিদা পুরণ করি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা হাওর পারের মানুষদের প্রতি আন্তরিক থাকার পরও তার দল ও সরকারের মধ্যে কিছু অসৎ রাজনীতিবিদ, দুর্নীতিবাজ সরকারী কর্মকর্তার কারনে হাওরবাসী তার সুফল পাচ্ছেন না। সরকার হাওর এলাকার নদী খননের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ দিলেও আমাদের কাজুয়া নদী খননের কোন প্রকল্প হাতে নেওয়া হয়নি। আমরা এই নদী খননে সরকারের কাছে জোর দাবি জানাই।

বাংলাদেশ ইয়ূথ ফ্রন্ট এর চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রফিকুল ইসলাম খসরু বলেন, দিরাই উপজেলার কাজুয়া (দল) নদী হতে ভেড়া মোহনা হয়ে ধনী নদী পর্যন্ত খনন করলে অত্র এলাকার হাওরের জলাবদ্ধতা থাকবেনা। আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার তহুর আলী বলেন, এটা আমাদের বাঁচা মরা সমস্যা। সুতরাং এ আন্দোলনে দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষ আপনাদের সাথে আছি। হালেয়া গ্রামের পশ্চিমের বাঁক ও নাগের গাঁ নদী সুজা করিলে হাওরের পানি বাহির হওয়ার রাস্তা আরও সহজীকরণ হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও দিরাইর সদস্য সচিব সামসুল সরদার, মাওলানা আব্দুল খালিক, তারাপাশা বাজার কমিটির সভাপতি ও সাবেক মেম্বার আফাজ উদ্দিন, হাজী নিম্বর খান, সিজিল চৌধুরী, মো. হিরা মিয়া চৌধুরী, সৈয়দ তাহির আলী, সৈয়দ ইছা আলী, নেছার উদ্দিন, মো. নজরুল ইসলাম, আলহাজ্ব মুজিবুর রহমান, বাদশা মিয়া, তাজুল ইসলাম প্রমুখ।