ছাতকে আসামি ছিনতাইকালে পুলিশসহ আহত ৪

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ছাতকে হাতকড়াসহ আসামি ছিনতাইকালে ৩পুলিশসহ ৪জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(৩০জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কালারুকা ইউপির করছখালী গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করছখালী গ্রামের মৃত সূরুজ আলীর পুত্র একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি আরকান আলীকে তার বসত বাড়ি থেকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার উদ্যোগ নেন। বাড়ি থেকে বেরিয়ে কিছুদূর আসার পর ধৃত আরকানের আত্মীয়-স্বজন মিলে পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেয়।

এসময় তাদের হামলায় এএসআই জহির, কনষ্টেবল মাহবুব, কনষ্টেবল নির্মল সিংহ ও স্থানীয় আব্দুল হক নামের একব্যক্তি আহত হয়। এদেরকে ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেও পালিয়ে যাওয়া আসামির কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র আজির উদ্দিন (৩২) নামের একজনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

এব্যাপারে সাব-ইন্সপেক্টর সফিকুল ইসলাম বাদি হয়ে আরকান ও আজিরসহ ১৪ জানের বিরুদ্ধে ছাতক থানায় মামলা নং ২৯, তাং ৩১.০১.২০১৮ইং একটি পুলিশ এসল্ড মামলা দায়ের করা হয়েছে।

ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।