এক সপ্তাহ ধরে তালাবদ্ধ ছাতকের সিংচাপইড় ইউপি কার্যালয়

ছাতক প্রতিনিধিঃ ছাতকে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের কাজের অতিরিক্ত বিল আদায়ে উপজেলা নির্বাহী অফিসার ও পাউবোর উপ-সহকারী প্রকৌশলীকে অবরুদ্ধ রেখে লাঞ্ছিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার করার ঘটনায় উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদ থেকে সাহাব উদ্দিন সাহেল সাময়িক বরখাস্ত হওয়ার পরদিন থেকে গত একসপ্তাহ ধরে তালাবদ্ধ রয়েছে ইউনিয়ন পরিষদ কার্যালয়। ১৮জুলাই সকাল থেকে অফিসে তালা লাগানো থাকায় ইউনিয়ন পরিষদের সকল সেবামুলক কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে দূর-দুরান্ত থেকে সেবা নিতে আসা অনেক নারী-পুরুষ সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক লোকজন জানান, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পরদিন থেকে ইউপি কার্যালয় বন্ধ রয়েছে। এতে এখানে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে আসা নারী-পুরুষরা সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। বিভিন্ন জরুরী কাগজপত্র সম্পাদন ও সীল-সাক্ষর নিতে না পেরে ব্যপক ক্ষয়-ক্ষতির সম্মূখীন হচ্ছেন ইউপিবাসী। একটি সেবামুলক প্রতিষ্ঠান কি করে একসপ্তাহ ধরে তালা মেরে রাখা যায় তা তাদের বোধগম্য নয় বলে ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পরদিন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেন। গত ১৭জুলাই সকাল ১০টার দিকে কার্যালয়ে গিয়ে আমি আদেশ কপি সংগ্রহ করি। পরে ইউপি সচিবের মাধ্যমে জানতে পারি সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যানের নির্দেশে অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এব্যাপারে ইউপি সচিব তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত আকারে জানিয়েছেন।