ছাতকে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সিলেট নিউজ বিডি,ছাতক প্রতিনিধিঃ ছাতকে পুকুরের পানিতে ডুবে সামাদ আলম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের লাকেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। সে একই ইউনিয়নের ছোট পলিরগাঁও গ্রামের আঙগুর আলমের পুত্র। সামাদ আলম লাকেশ্বর গ্রামে তার নানার বাড়ীতে থেকে লাকেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীতে লেখাপড়া করতো।

স্থানীয় সুত্রে জানা যায়, সামাদ আলম শনিবার সকাল থেকেই বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। একসময় পরিবারের লোকজনের চোখে ফাঁকি দিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে পড়ে সে নিখোঁজ হয়। দুপুর সাড়ে ১২টার দিকে শিশু সামাদের লাশ পুকুরে ভেসে উঠলে তাকে উদ্ধার করেন স্বজনরা।