ছাতকে আসছেন পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল

ছাতক সংবাদদাতাঃ দুই দিনের সফরে আগামী মঙ্গলবার ছাতকে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। এই দুই দিন তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপির একান্ত সচিব এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল হেলিকপ্টারযোগে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে আসবেন। এরপরে বেলা ১১টায় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে চারতলা বিশিষ্ট দুটি একাডেমিক ভবন উদ্বোধন ও নতুন একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে শিক্ষক-শিক্ষার্থী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এছাড়া ওইদিন দুপুর দেড়টায় তিনি হক নগর (বাঁশতলা) শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং শহীদদের কবর জিয়ারত করবেন। এরপরে দুপুর আড়াইটায় দোয়ারাবাজার উপজেলার হকনগর আদিবাসী ঝুমগাঁওয়ে প্রস্তাবিত পর্যটন এলাকা পরিদর্শন করবেন তিনি। একইদিন বিকেল ৩টায় বাংলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন পর্যটন মন্ত্রী। সফরের দ্বিতীয় দিন বুধবার ছাতক সিমেন্ট কোম্পানী রেস্ট হাউজ হতে সিলেট বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।