ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশন’র উদ্যোগে আবারও দুটি হতদরিদ্র পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে পাকা বসতঘর। শুক্রবার সকাল ১০টায় সিংচাপইড় গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র দিনমজুর আতা উল্ল্যাহ ও মৃত নছির উল্ল্যাহর বিধাব কন্যা রুতিয়া বেগমের বসতঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, এসোসিয়েশনের উপদেষ্টা, সমাজসেবী ও শিক্ষানুরাগী এডভোকেট মো. আমির উদ্দিন।
মুরব্বী হাজি কালা মিয়ার সভাপতিত্বে ও ব্যবসায়ি আসকর আলীর পরিচালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুরব্বী এলখাচুর রহমান, হাজী আবদুস সালাম, সোরার আলী, কাদির মিয়া ও সাংবাদিক হেলাল আহমদ প্রমূখ। এসময় ঠিকাদার আজির উদ্দিন, মনসুর আলী প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন, সিংচাপইড় কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আহমদ হোসাইন।
এব্যাপারে মুঠোফোনে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সানাওয়ার আলী জানান, আর্ত মানবতার কল্যাণে কাজ করার ব্রত নিয়ে গঠিত সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রাম উন্নয়নে বিভিন্ন সেবামূলক কাজে সহযোগিতা করার পাশাপাশি গ্রামের হতদরিদ্র পরিবারের জন্য বসতঘর নির্মাণ করে আসছে। ইতোমধ্যে এসোসিয়েশনের উদ্যোগে আরো চারটি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। সকলের সহযোগিতা পেলে এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Sylhetnewsbd Online News Paper