দক্ষিণ ছাতক উপজেলার দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে আবেদন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ দক্ষিণ ছাতক উপজেলা নামে নতুন স্বতন্ত্র উপজেলা বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেছেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ। তারা সোমবার (১১ মার্চ) এ আবেদন করে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

আবেদন উল্লেখ করা হয়- সুনামগঞ্জ জেলাধীন ছাতক উপজেলার সর্বদক্ষিণ প্রান্তের দোলার বাজার, ছৈলা আফজলাবাদ, গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও, দক্ষিণ খুরমা, সিংচাপইড় ও ভাতগাঁও ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড। এ ওয়ার্ডের দক্ষিণ প্রান্ত থেকে ছাতক উপজেলা সদর প্রায় ৫৫ কি.মি দূরে অবস্থিত থাকায় নিজ উপজেলার সাথে জনগণের সামাজিক ও প্রশাসনিক কাঠামো রক্ষা কঠিনতর হয়ে পড়েছে।
দৈর্ঘ্য-প্রস্তের বিবেচনায় দৈর্ঘ্যরে দিক থেকে বর্তমান ছাতক উপজেলাকে দুটি অংশে বিভক্ত করা অধিকতর যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত। দক্ষিণাংশের এই জনপদ নিয়ে একটি পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের।
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দক্ষিণাঞ্চল নিয়ে গঠিত দক্ষিণ ছাতক উপজেলা নামে স্বতন্ত্র উপজেলা গঠনের দাবিতে গঠিত হয়েছে ‘দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ’। এ সংগঠনটি এলাকাবাসীকে নিয়ে দীর্ঘদিন যাবত পৃথক স্বতন্ত্র একটি পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা ও শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে আসছে।

আবেদনে তারা আরো উল্লেখ করেন- ১৯০ বর্গ কিলোমিটার আয়তনের সুবিস্তৃত এই জনপদ নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রস্তাবিত “দক্ষিণ ছাতক উপজেলা” বাস্তবায়নের সময়ের দাবি। ১৯৩৫ সাল থেকে এই এলাকায় উপজেলা সদর দপ্তর স্থাপনের জন্য সরকারি সংশ্লিষ্ট দপ্তর বরাবরে আবেদন করে আসছে এ বৃহৎ অঞ্চলটি।

দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আ.ন.ম ওহিদ কনা মিয়া, দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের যুক্তরাজ্য আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মকদ্দুছ, সদস্য সচিব অধ্যাপক খসরুজ্জামান, সিনিয়র সদস্য অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী, দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের যুক্তরাজ্য যুগ্ম আহ্বায়ক সানাওয়ার আলী কয়েছ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, এম.এ কবির, এটিএম তারেক, মিডিয়া উইং ফয়সল আহমদ বাবুল, আব্দুল্লাহ আল মামুন, প্রবাসী কমিউনিটি নেতা শাহ কোহিনুর আলম খোকন, গোলাম কিবরিয়া তালুকদার বাদল প্রমুখ।