হবিগঞ্জে চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলায় ৮ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন

হবিগঞ্জ বাহুবলে চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলায় আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বুধবার(০৭সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আতাবউল্লাহ আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন আগামী ২৬ সেপ্টেম্বর।

এর পূর্বে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে থাকা ৫ আসামীকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনকৃত আসামীরা হলো বাহুবল উপজেলার সুন্দ্রটিকি গ্রামের পঞ্চায়েত প্রধান আব্দুল আলী, তার তিন ছেলে রুবেল মিয়া, বেলাল মিয়া ও জুয়েল মিয়া, তার সেকেন্ড ইন কমান্ড আরজু মিয়া একই গ্রামের আব্দুল বারিকের ছেলে উস্তার মিয়া ও বাবুল মিয়া ও শাহেদ মিয়া। এর মধ্যে বেলাল, উস্তার ও বাবুল মিয়া পলাতক রয়েছে।

গত ৫ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির তৎকালিন (ওসি) মোকতাদির আলম তদন্ত করে ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। এর মধ্যে বাচ্চু মিয়া নামে এক আসামী র‌্যাবের ক্রসফায়ারে নিহত হয়। হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল এডভোকটে আবুল হাসেম মোল্লা মাসুম জানান, আদালত ৮ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। সেই সাথে আসামী আরজুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য, গত ১২ ফেব্র“য়ারী হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজ-এর পুত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদির-এর পুত্র ইসমাঈল হোসেন (১০)। খেলতে গিয়ে নিখোজ হয়। নিখোজের ৫দিন পর ১৭ ফেব্র“য়ারী গ্রামের পাশ্ববর্তী স্থানে ৪ শিশুর মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশে বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত আব্দুল আলীসহ ৭ জনকে আটক করে এবং ঘটনার অন্যতম আসামী বাচ্চু মিয়া র‌্যাবের সাথে ক্রস ফায়ারে নিহত হন। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আব্দুল আলীর দুই ছেলেসহ ৪জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।