ছাতকে ফের বন্যায় পানিবন্ধি লক্ষাধিক মানুষ :তলিয়ে গেছে রোপা আমন ও বীজতলা

হেলাল আহমদ ছাতক প্রতিনিধি সিলেট নিউজ বিডি: ছাতকে গত ৩দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফের সর্বত্র বন্যা দেখা দিয়েছে। উপজেলার নদ-নদী, খাল-বিল ও হাওরগুলোতে অব্যাহত পানিবৃদ্ধির ফলে পানিবন্ধি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা নদীর পানি বিপদ সীমার ৪৬ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যায় রোপা আমন ও বীজতলা ব্যাপক ক্ষতি গ্রস্থ হয়েছে। বন্যার কারনে বীজতলা হরিয়ে এখন কৃষকরা মাথায় হাত দিয়ে বসে আছেন। বোরো ফসল হারানোর পর এখন আমন ফসলও বুনতে পারছেনা এখানের কৃষকরা। এদিকে, অব্যাহত পানি বৃদ্ধির কারনে প্রতিদিনই নতুন-নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

ইতোমধ্যে উপজেলার সদরের সাথে গ্রামাঞ্চলের সড়ক যোগাযোগ অনেক স্থানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন গ্রামীণ কাচা রাস্তা-ঘাট, হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠার খবর পাওয়া গেছে। বিভিন্ন অঞ্চলের গ্রামীন রাস্তা-ঘাটে পানি উঠে পড়ায় মানুষের স্বাভাবিক জীবন যাত্রায় দেখা দিয়েছে চরম বিপর্যয়। ফলে হাট-বাজার ও ব্যবসা-বাণিজ্যে পড়েছে এর নেতিবাচক প্রভাব। তাছাড়া হাওর-বিলসহ সর্বত্র ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের অভাবে গবাধি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন বানবাসি লোকজন। অপরদিকে, দূর্যোগপূর্ণ অবস্থা ও আকস্মিক বন্যায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে পড়ায় গতকাল শনিবার থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবেরুল ইসলাম ছাতক উপজেলাসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান দু’দিনের বন্ধ ঘোষনা দিয়েছেন।

উপজেলার ইসলামপুর, ছাতক-সদর, নোয়ারাই, কালারুকা, চরমহল্লা, জাউয়াবাজার, ভাতগাঁও, দক্ষিণ খুরমা, উত্তর খুরমা, গোবিন্দগঞ্জ-সৈদরগাঁও, ছৈলা-আফজলাবাদ, সিংচাপইড় ও দোলারবাজার ইউনিয়নের একাধিক স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, গত ৩ দিনের টানা বর্ষণে ইতিমধ্যেই উপজেলার প্রায় সবকয়টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আকস্মিক বন্যায় রোপা আমন ও বীজতলা ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি রোপা আমন বুনার সাথে-সাথেই বন্যায় তলিয়ে গেছে। অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলেও স্থানীয়রা জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক জানান, ফসল ও বীজতলা তলিয়ে যাওয়ার সঠিক পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। তালিকা তৈরি করা হচ্ছে। তবে এ বন্যায় রোপা আমন ও বীজ তলার অনেক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।