চীন ফেরত দুই শিক্ষার্থী হবিগঞ্জ ও বরগুনার হাসপাতালে

সিলেট নিউজ বিডি ডেস্কঃ এবার চীন ফেরত দুজন শিক্ষার্থী হবিগঞ্জ ও বরগুনার হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে হবিগঞ্জ ও বরগুনার সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই শিক্ষার্থীরা করোনাভাইরাসে আক্রান্ত নন। সতর্কতার জন্য তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

হবিগঞ্জ জেলা সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান জানান, রোববার সন্ধ্যায় শহরের শায়েস্তানগরের চীন ফেরত রায়হান আহমেদ নামে এক যুবক অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এসময় চিকিৎসক তাকে সন্দেহভাজন হিসেবে সদর হাসপাতালে ভর্তি করেন।

তিনি জানান, সোমবার তার রক্তের স্যাম্পল নিয়ে ঢাকায় পাঠানো হবে। সেখান থেকে পরীক্ষা করে নিয়ে আসলে বিষয়টি পরিষ্কার হবে। তবে করোনা আক্রান্ত কোনো রোগী এখনও বাংলাদেশে পাওয়া যায়নি।

এলাকাবাসী জানিয়েছেন, সদর হাসপাতালে ভর্তি যুবক রায়হান চীন থেকে দেশে ফেরার পর ঢাকায় আশকোনা হজ ক্যাম্পে ১৫ দিনের চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, চীন ফেরত আরো এক শিক্ষার্থীকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বরগুনা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গায়ে জ্বর থাকায় তাকে বরগুনা জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে জানান চিকিৎসকরা।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী নিজ বাড়ি থেকে তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন বিভাগের নেয়া হয়।

পরিবার সূত্রে জানা যায়, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করে স্টুডেন্ট ভিসা নিয়ে তিন মাস আগে চীন পড়তে যান ইমরান। এর পরে চীনে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে ১২ ফেব্রুয়ারি দেশে ফেরেন। বিমানবন্দর থেকে নামার সময় তার গায় জ্বর না থাকলেও আজ বাড়িতে এসে ইমরান জ্বরে আক্রান্ত হন। পরে পুলিশের সহযোগিতায় হাসপাতালের আইসোলেশন বিভাগের আলাদা ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে।

বরগুনা জেলা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দীন বলেন, ‘চীন ফেরত ইমরান গায়ে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার গায়ে সামান্য জ্বর থাকলেও ভয় পাওয়ার কোনও কারণ নেই।’